হাসিনুজ্জামান মিন্টু: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে জুলাই শহিদ দিবস-২০২৬ পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মিজ খাদিজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা জুলাই গণআন্দোলনের শহিদদের অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন, শহিদদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
বক্তারা আরও বলেন, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং শহিদদের আদর্শ ধারণ করে দেশ গঠনের কাজে অংশ নিতে হবে।
আলোচনা শেষে জুলাই আন্দোলনের সকল শহিদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম, জুলাই আন্দোলনের যোদ্ধা সোহেল রানা, জামায়াতে ইসলামীর পৌর আমির আব্দুল মতিন বিশ্বাস, সেক্রেটারি জিয়াউর রহমান, জাতীয় নাগরিক পার্টির উপজেলা আহ্বায়ক মো. শাহজাহান, সদস্য সচিব মোকাররম হোসেন সাদ্দাম, গণঅধিকার পরিষদের পৌর সভাপতি ইয়াকুব আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।






