মুসলিম বিশ্বের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী বাংলাদেশ সফরে আসছেন। আগামী ১২ জুলাই ভারতের মুম্বাই থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। মোট ১১ দিনের এই সফরকালে তিনি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় ও শিক্ষামূলক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।

সফরের বিস্তারিত পরিকল্পনা অনুযায়ী তিনি রাজধানী ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও কক্সবাজারে অবস্থান করবেন। সেখানে বিভিন্ন দ্বীনি সেমিনার, শিক্ষাবিষয়ক মতবিনিময় সভা এবং তরুণ প্রজন্মের জন্য বিশেষ দাওয়াহভিত্তিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। পাশাপাশি দেশের প্রথিতযশা আলেমদের সঙ্গেও তিনি গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় করবেন বলে জানা গেছে।

এই সফরের অন্যতম প্রধান আকর্ষণ হবে আগামী ১৮ জুলাই সকাল ৯টায় রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’। উক্ত অনুষ্ঠানে আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী প্রধান অতিথি এবং মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে বিশেষ বক্তব্য প্রদান করবেন। একই অনুষ্ঠানে তাঁর উপস্থিতিতে ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) স্মারকগ্রন্থ’-এর মোড়ক উন্মোচন করা হবে।

চট্টগ্রাম সফরের সময় তিনি দেশের অন্যতম বৃহত্তম ও ঐতিহ্যবাহী দুটি মাদ্রাসা—হাটহাজারী এবং পটিয়ায় পরিদর্শনের পরিকল্পনা করেছেন। সেখানে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন এবং ধর্মীয় ও নৈতিক দিকনির্দেশনা প্রদান করবেন।