খুলনা জেলা কারাগার-২ থেকে দেয়াল টপকে পালিয়ে গেল এক আসামি। পলাতক ওই ব্যক্তির নাম ইমন মাঝি। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে কারাগারের পূর্ব পাশের দেয়াল ডিঙিয়ে সে পালিয়ে যায় বলে নিশ্চিত করেছেন জেল সুপার আবু ছায়েম। তিনি জানান, এই বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

কারাগারের নথিপত্র অনুযায়ী, পলাতক মো. ইমন মাঝি লবণচরা থানা এলাকার সাচিবুনিয়া সেকেলার বটতলা জিয়ার বাড়ির ভাড়াটিয়া আবদুল মাঝির ছেলে। সে সোনাডাঙ্গা থানার একটি চুরি মামলার (মামলা নম্বর ০৯ (০১)২৫, তারিখ ২১ আগস্ট ২০২৫) আসামি হিসেবে গত ১৩ জুন থেকে জেলা কারাগারে বন্দি ছিল।

ঘটনার বিবরণ অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে মহানগরীর আইনজীবী সমিতি সংলগ্ন পুরাতন জেলা কারাগারের পূর্ব দিকের দেয়াল টপকে আইনজীবী সমিতির দিক থেকে পালিয়ে যায় ইমন। বিষয়টি কারাগারের সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধরা পড়লে দ্রুতই কারাগারের সতর্ক সংকেত বা ‘পাগলা ঘণ্টা’ বাজানো হয়। ঘটনার পরপরই কারা কর্তৃপক্ষ বিষয়টি ঊর্ধ্বতন প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানায়।

খুলনা কারাগারের সুপার মো. আবু সায়েম সাংবাদিকদের জানান, কোনো প্রকার বহিঃসাহায্য ছাড়াই ইমন মাঝি নামের ওই হাজতি কারাগারের দেয়াল টপকে পালিয়েছে। সিসি ফুটেজে পালানোর দৃশ্যটি পরিলক্ষিত হওয়ার পর তাকে দ্রুত গ্রেপ্তারের জন্য সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে। একইসঙ্গে কারাগার এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। জেল সুপার আরও জানান, এই ঘটনায় কারোর গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে।