কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি মো. আমির হামজা এক বিতর্কিত মন্তব্যে দাবি করেছেন, আগামী পাঁচ বছরের জন্য কুষ্টিয়া সদর আসনের ‘প্রধানমন্ত্রী’ তিনি নিজেই। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নিজের নির্বাচনী এলাকার জনসাধারণের উদ্দেশ্যে দেওয়া এক বক্তৃতায় তিনি এই কথা বলেন। বর্তমানে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত ও ভাইরাল হয়েছে।
ভাইরাল ওই ভিডিওতে মুফতি আমির হামজাকে তার সংসদীয় আসনের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে কথা বলতে দেখা যায়। কথা প্রসঙ্গে তিনি বলেন, “আগামী পাঁচ বছরে কুষ্টিয়া সদর আসনের জন্য আমি প্রধানমন্ত্রী। বাজেটগুলো সরকার দেবে, আর সেই অর্থ আসবে আমির হামজার হাতে। এটা কি কোনো ফেরেশতার হাতে দেওয়া হবে?” উপস্থিত জনতার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি আরও বলেন, “ফেরেশতারা কী বলে? মানুষ তো তার জন্যই আনন্দ করে, যে উন্নয়ন কাজ করে দেয়। সে কি তার বাবার টাকা নিয়ে এসে এই কাজ করবে? এই ধরনের পাগলামি আর বিশ্বাস করা যাবে না।”
উল্লেখ্য যে, কুষ্টিয়া-৩ আসনের উন্নয়ন কর্মকাণ্ডের অংশীদারিত্ব ও ব্যবস্থাপনা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সঙ্গে সংসদ সদস্য মুফতি আমির হামজার মধ্যে দীর্ঘদিন ধরে তীব্র টানাপোড়েন চলছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও পারস্পরিক বিরোধের প্রেক্ষাপটেই সংসদ সদস্য মুফতি আমির হামজা এমন মন্তব্য করেছেন।










