স্কুলের গণ্ডি পেরোনোর আগেই অভিনয় জগতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন ইসরাত অতিথি। সাম্প্রতিক সময়ে বেশ কিছু নাটকে তার সাবলীল অভিনয় দর্শকদের নজর কেড়েছে। বিশেষ করে মোহাম্মদ মুস্তফা কামাল রাজের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’-তে ‘ফারহানা’ চরিত্রে অভিনয় করে তিনি হয়ে উঠেছেন দর্শকপ্রিয়। এবার অভিনয়ের পাশাপাশি পড়াশোনায় সাফল্যের খবর নিয়ে এলেন এই তরুণ অভিনেত্রী।

এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন অতিথি। আজ প্রকাশিত হয়েছে সেই কাঙ্ক্ষিত ফলাফল। ফলাফল জানতে পেরে অতিথি জানিয়েছেন, তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং প্রাপ্ত ফলাফলে তিনি যথেষ্ট সন্তুষ্ট। অন্যদিকে, তার বোন সাফিনা এসএসসিতে জিপিএ ৪ পেয়েছেন বলে জানা গেছে। শুটিংয়ের প্রচণ্ড ব্যস্ততার মাঝে পড়াশোনার ভারসাম্য বজায় রাখতে অতিথিকে যথেষ্ট বেগ পোহাতে হয়েছে। তাই তার এই সাফল্যে ভীষণ খুশি তার পরিবার।

উত্তরার কেসি মডেল স্কুল থেকে মানবিক বিভাগে পরীক্ষা দিয়েছেন অতিথি। ফলাফল প্রকাশের পর তিনি স্কুলে যান এবং প্রধান শিক্ষকের সঙ্গে ছবি তুলে তা ফেসবুকে পোস্ট করেন। সেই পোস্টে অভিনেত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন তার অসংখ্য অনুরাগী। জানা গেছে, নবম শ্রেণি পর্যন্ত তিনি বিজ্ঞান বিভাগে পড়াশোনা করলেও নাটকের ব্যস্ততা বেড়ে যাওয়ায় বিজ্ঞানের পাঠ তার জন্য অধিক চাপের হয়ে দাঁড়িয়েছিল। ফলে বোর্ডে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর পরীক্ষার মাত্র আট মাস আগে স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলে তিনি মানবিক বিভাগে চলে আসেন। এরপর অত্যন্ত স্বল্প সময়ে নতুন বিভাগের প্রস্তুতি নিয়ে তিনি পরীক্ষায় বসেন। এমনকি পরীক্ষার মাত্র দুই দিন আগেও শুটিং করতে হয়েছিল তাকে।

অভিনয় ক্যারিয়ারে ইসরাত অতিথিকে সর্বশেষ দেখা গেছে রাফাত মজুমদার রিংকুর নাটক ‘ভালোবাসার গল্প’-তে। মাস খানেক আগে সিএমভির ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পেয়েছে, যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী।