আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ১১ দলীয় জোটের একটি প্রতিনিধিদল এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোপত্র সংগ্রহের পর আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, এই নির্বাচনে জয়-পরাজয় বড় কথা নয়, বরং গণতান্ত্রিক প্রক্রিয়াকে সচল রাখা এবং এগিয়ে নেয়াই মূল লক্ষ্য। তিনি আরও উল্লেখ করেন যে, দেশে গণতান্ত্রিক ধারার সুস্থ চর্চা ফিরিয়ে আনতেই ১১ দলীয় জোট রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে। এরপর ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই করা হবে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারিত হয়েছে ১৮ আগস্ট। আগামী ২০ আগস্ট সংসদ অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন।