২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের দিনই বঙ্গভবন থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতির দায়িত্ব পালনকারী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২০ আগস্ট) আয়োজিত এক বিদায়ী অনুষ্ঠানে তাকে যথাযথ সামরিক মর্যাদায় 'গার্ড অব অনার' প্রদান করা হয়।

এর আগে গত ২৪ জুলাই সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষর করা পদত্যাগপত্র গ্রহণের পর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপ্রধানের দায়িত্বভার গ্রহণ করেছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সেই থেকে তিনি দেশের সর্বোচ্চ পদের দায়িত্ব পালন করে আসছিলেন।

এদিকে, আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত সময়ে ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে। নির্বাচনে বিজয়ী রাষ্ট্রপতি আগামীকাল শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন।

এই রাষ্ট্রপতি নির্বাচনে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সরকারি দল বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ। তবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের নিজ দলের মনোনীত প্রার্থীর বাইরে ভোট দেওয়ার সুযোগ না থাকায়, রাজনৈতিক সমীকরণে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরই দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন।