নব্বইয়ের দশকের বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক অবিস্মরণীয় ও কালজয়ী নাম হলো বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’। ফেরদৌস আহমেদ ও প্রিয়াঙ্কা ত্রিবেদীর সেই অনবদ্য অভিনয় এবং তাদের মধ্যকার স্নিগ্ধ রসায়ন আজও দর্শক হৃদয়ে এক মধুর স্মৃতি হয়ে আছে। সেই সোনালি দিনগুলোর নস্টালজিয়া এবং মূল গল্পের আবেদনকে নতুন প্রজন্মের কাছে আধুনিক আঙ্গিকে ফিরিয়ে আনতে নির্মিত হয়েছে ‘আবার হঠাৎ বৃষ্টি’। মূল গল্পের মূল কাঠামোটি অপরিবর্তিত রেখে বর্তমান সময়ের প্রেক্ষাপটে সিনেমাটি নির্মাণ করেছেন তরুণ ও সম্ভাবনাময় নির্মাতা কামরুজ্জামান।
বাসুদেব চ্যাটার্জির পরিচালনায় ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘হঠাৎ বৃষ্টি’র সেই জাদুকরী মুহূর্তগুলো আজও সিনেপ্রেমীদের মনে গেঁথে আছে। সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে নতুন প্রজন্মের মাঝে সেই পরিচিত আবেগ ফিরিয়ে আনতেই এবার কেন্দ্রীয় চরিত্রে বেছে নেওয়া হয়েছে দুই নবীন অভিনয়শিল্পীকে। সিনেমাটিতে ফেরদৌসের সেই জনপ্রিয় চরিত্রে অভিনয় করছেন আরিয়ান এবং প্রিয়াঙ্কার চরিত্রে দেখা যাবে রাদিফাকে। আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্মের যৌথ প্রযোজনায় এই নতুন জুটি বড় পর্দায় দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছে।
সিনেমাটিতে অভিনয়ের তালিকায় আরও রয়েছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, ক্রিস্টিয়ানো তন্ময়, কায়েস আরজু, মৌ খান ও ঝুনা চৌধুরীসহ একঝাঁক প্রতিভাবান তারকা। সিনেমার সংগীতের ক্ষেত্রেও রাখা হয়েছে বিশেষ গুরুত্ব। মূল সিনেমার তুমুল জনপ্রিয়তার অন্যতম চাবিকাঠি ছিল নচিকেতা চক্রবর্তীর সুরে প্রাণবন্ত গানগুলো। ‘ছোট ছোট স্বপ্নের নীল মেঘ’, ‘একদিন স্বপ্নের দিন’ কিংবা ‘সোনালি প্রান্তরে’-র মতো কালজয়ী গানগুলো আজও শ্রোতাদের স্মৃতিতুর করে তোলে। সেই আবহ ও আবেগ বজায় রাখতে পুরোনো ছয়টি কালজয়ী গানের মধ্য থেকে তিনটি গানের রিমেক করা হয়েছে ‘আবার হঠাৎ বৃষ্টি’তে। পাশাপাশি বর্তমান প্রজন্মের রুচি ও পছন্দের কথা মাথায় রেখে এতে যুক্ত করা হয়েছে একদম নতুন দুটি গান।
নতুন মুখ এবং সিনেমাটি নিয়ে অত্যন্ত আশাবাদী নির্মাতা কামরুজ্জামান। সিনেমাটির নির্মাণশৈলী ও গল্প নিয়ে দর্শকদের মধ্যে ইতোমধ্যে এক ধরণের কৌতূহল তৈরি হয়েছে। জানা গেছে, আগামী ২ অক্টোবর সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে এই বহুল প্রতীক্ষিত সিনেমাটি। নব্বইয়ের দশকের সেই চিরচেনা অনুভূতি কি নতুন প্রজন্মের কাছে একইভাবে গ্রহণযোগ্যতা পাবে, এখন সেটাই দেখার অপেক্ষা।





















