দীর্ঘ অসুস্থতা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন ছোটপর্দার আলোচিত অভিনেত্রী তানিয়া বৃষ্টি। চলতি বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। এরপর দেশে একটি অস্ত্রোপচারের পাশাপাশি ভারতের চেন্নাইতেও তাকে আরেকটি সার্জারি করাতে হয়। দীর্ঘ চিকিৎসা ও কেমোথেরাপির জন্য প্রায় আট মাস লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে দূরে ছিলেন এই জনপ্রিয় অভিনেত্রী। সেই কঠিন সময় পার করে এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। পাশাপাশি কাজে ফেরার প্রস্তুতিও শুরু করেছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের চমকে দেন তানিয়া বৃষ্টি। লাইভে তাকে দেখে অনেকেই শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় তিনি জানান, চিকিৎসার কারণে তার শারীরিক গঠনে পরিবর্তন এসেছে এবং আগের তুলনায় ওজন বেড়েছে। মূলত দুটি সার্জারি ও নিয়মিত ওষুধ সেবনের কারণেই এমন হয়েছে বলে জানান তিনি। তার ভাষায়, অনেকেই বলছেন আগের চেয়ে ওজন বেড়েছে। দুটি সার্জারির কারণেই এমনটা হয়েছে। এমন কিছু ওষুধ খেতে হয়, যে কারণে ওজন বেড়ে যাওয়া স্বাভাবিক।
সুস্থ থাকার সময় রাত-দিনের বেশিরভাগ সময় শুটিং সেটেই কাটিয়েছেন এই অভিনেত্রী। কিন্তু অসুস্থতার কারণে হঠাৎ করেই প্রায় আট মাস সেই ব্যস্ত জীবন থেকে দূরে থাকতে হয়েছে তাকে। এই দীর্ঘ সময়ে অভিনয়, সহশিল্পী ও কলাকুশলীদের খুব মিস করেছেন তিনি। তানিয়া বৃষ্টি বলেন, মিডিয়ার শিল্পী, সহশিল্পী ও কলাকুশলীরা আমার কাছে পরিবারের মতো। অসুস্থতার সময় তাদের অনেকেই খোঁজ নিয়েছেন, দেখতে গেছেন এবং কাজে ফেরার অপেক্ষায় থাকার কথা জানিয়েছেন। তাদের উৎসাহ ও ভালোবাসা মানসিকভাবে শক্তি জুগিয়েছে।
অসুস্থতার কঠিন সময় পেরিয়ে এখন অভিনয়ে ফেরার জন্য মানসিকভাবে প্রস্তুত বলে জানান তিনি। এরই মধ্যে ওটিটিসহ কয়েকটি কাজ নিয়ে আলোচনা হয়েছে। সবকিছু ঠিক থাকলে এ মাসেই একটি নাটকের মাধ্যমে আবার ক্যামেরার সামনে দাঁড়াবেন। অভিনয়ে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, আমি অভিনয়ের মানুষ, অবশ্যই অভিনয়ে ফিরতে চাই। তার এই ফেরার পেছনে ভক্তদের মতামতও ভূমিকা রেখেছে। তিনি ভেবেছিলেন সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে জানতে চাইবেন দর্শকরা তাকে আবার পর্দায় দেখতে চান কি না। কিন্তু তারও মনে হচ্ছিল দর্শকরা তাকে দেখতে চান। শেষ পর্যন্ত ভক্তদের চাওয়ার সঙ্গে সেই প্রত্যাশা মিলে গেছে।
এদিকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এখনো বাসাতেই বেশিরভাগ সময় কাটাচ্ছেন তানিয়া বৃষ্টি। অবসরে তার সঙ্গী ছয়টি পোষা বিড়াল। তাদের সঙ্গে সময় কাটালে নিজেকে ভালো অনুভব করেন বলে জানিয়েছেন তিনি।





















