দেশের বেশ কিছু জেলায় আজ সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর পাশাপাশি সংশ্লিষ্ট এলাকাগুলোতে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জারি করা সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রতিকূল আবহাওয়ার কথা বিবেচনা করে সংশ্লিষ্ট নদী বন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।