প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ধর্মপ্রচারক ড. জাকির নায়েকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের জনপ্রিয় ইসলামি বক্তা ও হাসানাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান আজহারি। মালয়েশিয়ায় অবস্থিত ড. জাকির নায়েকের বাসভবনে এই বিশেষ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিস্তারিত পোস্টে এই তথ্য জানান মিজানুর রহমান আজহারি। সাক্ষাৎ শেষে বিদায়লগ্নে ড. জাকির নায়েকের কাছ থেকে তিনি ‘কিসওয়াতুল কাবা’ নামক এক বিশেষ আতর উপহার পান। ফেসবুকে তিনি লিখেছেন, ‘মালয়েশিয়ায় ড. জাকির নায়েকের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ। বিদায়লগ্নে তিনি ‘কিসওয়াতুল কাবা’ আতর উপহার দিলেন। দুনিয়ার সব দাঈদের আল্লাহ তায়ালা নিরাপদে রাখুন।’ উল্লেখ্য, ‘কিসওয়াতুল কাবা’ আতরটি পবিত্র কাবা শরিফের গিলাফে (কিসওয়াহ) ব্যবহৃত বিশেষ সুগন্ধির আদলে তৈরি একটি অত্যন্ত জনপ্রিয় প্রিমিয়াম আতর, যা বিশ্বজুড়ে পরিচিত।

একই দিনে ড. জাকির নায়েকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের আরেক প্রথিতযশা ইসলামি বক্তা ও গবেষক মাওলানা আহমাদুল্লাহ। সাক্ষাৎকালে তিনি ড. জাকির নায়েকের হাতে নিজের লেখা ‘সকাল-সন্ধ্যা দোয়া’ বইয়ের ইংরেজি সংস্করণটি তুলে দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্যের কথা জানিয়ে মাওলানা আহমাদুল্লাহ লেখেন, ‘মালয়েশিয়াতে প্রখ্যাত দাঈ ড. জাকির নায়েকের সঙ্গে, তার হাতে তুলে দিচ্ছি ‘সকাল-সন্ধ্যা দোয়া’ বইয়ের ইংরেজি ভার্সন।’

উল্লেখ্য, ড. জাকির নায়েক একজন ভারতীয় ইসলামি বক্তা ও লেখক। তবে ২০১৬ সালে ভারত সরকার তার বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য প্রচার এবং অর্থপাচারের অভিযোগ আনে। একই সঙ্গে তার প্রতিষ্ঠিত ‘ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন’ (আইআরএফ) নিষিদ্ধ করা হয়। যদিও জাকির নায়েক এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন এবং বর্তমানে তিনি মালয়েশিয়ায় বসবাস করছেন।