পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে মজুরি বোর্ড পুনর্গঠনের জোরালো দাবি জানিয়েছে ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)। সংগঠনটির দাবি, আগামী নভেম্বরের মধ্যে নতুন ন্যূনতম মজুরি ঘোষণা করে ডিসেম্বর থেকে তা কার্যকর করতে হবে। এতে করে ২০২৭ সালের জানুয়ারির প্রথম সপ্তাহেই শ্রমিকেরা ডিসেম্বরের বেতনের সঙ্গে তাদের বর্ধিত মজুরির টাকা হাতে পাবেন। শনিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবিগুলো উত্থাপন করা হয়। সংবাদ সম্মেলনে আইবিসির সাধারণ সম্পাদক সালাউদ্দিন স্বপন একটি লিখিত বক্তব্য পাঠ করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পোশাক শ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি ২০২৩ সালের নভেম্বরে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। সম্প্রতি শ্রম আইন সংশোধনের মাধ্যমে মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে। আইবিসি অভিযোগ করেছে, নতুন মজুরি নির্ধারণের সময় ঘনিয়ে এলেও এখন পর্যন্ত মজুরি বোর্ড পুনর্গঠনের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান উদ্যোগ দেখা যাচ্ছে না। সাধারণত মজুরি বোর্ড গঠনের পর নির্ধারিত সময়ের মধ্যে নতুন মজুরি কাঠামোর প্রস্তাব সরকারের কাছে জমা দেওয়ার কথা থাকে। কিন্তু বোর্ড গঠনে বিলম্ব হলে পুরো প্রক্রিয়াটি পিছিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা শ্রমিকদের স্বার্থের পরিপন্থী।

সংগঠনটি আরও উল্লেখ করে যে, গত ৪ আগস্ট শ্রমমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে দ্রুত মজুরি বোর্ড পুনর্গঠনের দাবি জানানো হলেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। পোশাক শ্রমিকদের মজুরির ঐতিহাসিক পরিক্রমা তুলে ধরে আইবিসি জানায়, ২০০৬ সালে ন্যূনতম মজুরি ছিল ১ হাজার ৬৬২ টাকা ৫০ পয়সা। পরবর্তীতে ২০১০ সালে তা ৩ হাজার টাকা, ২০১৩ সালে ৫ হাজার ৩০০ টাকা, ২০১৮ সালে ৮ হাজার টাকা এবং সর্বশেষ ২০২৩ সালে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়।

আইবিসির দাবি, মজুরির পরিমাণ বাড়লেও একই সময়ে বাড়িভাড়া, চিকিৎসা ব্যয় এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বহুগুণ বেড়েছে। ফলে বর্তমান মজুরির অংকে শ্রমিকদের জীবনযাপন অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এই সংকট নিরসনে এবার ন্যূনতম মজুরি কত হওয়া উচিত, তা নিয়ে আইবিসির একটি দল বিস্তারিত পর্যালোচনা করছে। এই পর্যালোচনার পর চূড়ান্ত প্রস্তাব সরকারের কাছে পেশ করা হবে এবং তা গণমাধ্যমে জানানো হবে।

দাবি বাস্তবায়নে আইবিসি ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। আগামী ৪ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশ ও মিছিলের পর শ্রমমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হবে। এছাড়া ৫ থেকে ২০ অক্টোবরের মধ্যে গাজীপুর, সাভার-আশুলিয়া, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামে ধারাবাহিক সমাবেশ ও বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে সংগঠনটি। সংবাদ সম্মেলনে আইবিসির সভাপতি মীর আবুল কালাম আজাদ, সিনিয়র সহসভাপতি আমিরুল হক আমিন, সহসভাপতি চায়না রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।