ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়ন কাজ দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে এবং আগামী ২০২৯ সালের জুন মাসের মধ্যে ছয় লেনের এই মহাসড়কটি সম্পূর্ণ করে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় মহাসড়কের উন্নয়নকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এই আশাবাদ ব্যক্ত করেন সড়ক পরিবহণ ও সেতু, নৌপরিবহণ এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

সড়ক পরিবহণ মন্ত্রী বলেন, ঢাকা-সিলেট মহাসড়কটি দেশের সামগ্রিক যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংযোগ পথ। সড়কটির উন্নয়ন প্রকল্প অনেক আগে গৃহীত হলেও পূর্ববর্তী সময়ে কাজের অগ্রগতি সন্তোষজনক ছিল না। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকল্পটি দ্রুত ও যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কার্যকর ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

পরিদর্শনকালে মন্ত্রী শেখ রবিউল আলম বিস্তারিত জানান, বর্তমানে প্রকল্পের প্রায় ৫৬ শতাংশ কাজ এগিয়েছে। তবে কিছু ভূমি সংক্রান্ত জটিলতা কাজের গতিতে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে, যা আগামী দুই মাসের মধ্যে নিরসন করে প্রকল্পের কাজ আরও ত্বরান্বিত করা হবে। জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ এই মহাসড়কের কাজ দ্রুত শেষ করতে যেখানে যেসব কারিগরি ত্রুটি-বিচ্যুতি রয়েছে, সেগুলো দ্রুত সংশোধন করার জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

ঢাকা-সিলেট মহাসড়কের এই পরিদর্শনের সময় সড়ক পরিবহণ ও সেতু, নৌপরিবহণ এবং রেলপথ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা এবং প্রকল্পের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।