সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ইরানে হামলার পর বাংলাদেশের সংহতি ও সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একইসাথে তিনি খুব শিগগিরই বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। ঢাকাস্থ সংযুক্ত আরব আমিরাত দূতাবাস থেকে আজ এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো এক বিশেষ চিঠিতে ইউএই প্রেসিডেন্ট কঠিন সময়ে বাংলাদেশের পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

সাম্প্রতিক হামলায় সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বসবাসরত দুই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন শেখ মোহাম্মদ বিন জায়েদ। তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি এবং বাংলাদেশের সাধারণ জনগণের প্রতি তার গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। এই ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্তদের প্রতি তার সহমর্মিতা প্রকাশ করা হয়েছে।

চিঠিতে ইউএই প্রেসিডেন্ট অর্থনৈতিক সহযোগিতা, উন্নয়নমূলক কার্যক্রম এবং মানবিক খাতের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বিশ্বাস করেন, এই সহযোগিতার প্রসার দুই দেশের জনগণের জীবনমান উন্নয়ন এবং পারস্পরিক সমৃদ্ধিতে সহায়ক হবে।

এছাড়া, বাংলাদেশ সফরের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের আন্তরিক আমন্ত্রণকে স্বাগত জানিয়ে তিনি সুবিধাজনক প্রথম সুযোগেই সরকারি সফরে ঢাকা আসার ইচ্ছা প্রকাশ করেন। শেখ মোহাম্মদ আশা প্রকাশ করেন যে, এই উচ্চপর্যায়ের সফর দুই বন্ধুপ্রতিম দেশের বিদ্যমান সুদৃঢ় সম্পর্ককে আরও গভীর ও অর্থবহ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে যে, পারস্পরিক শ্রদ্ধাবোধ, ঘনিষ্ঠ বন্ধুত্ব এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির প্রতি অভিন্ন অঙ্গীকারের ভিত্তিতে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে এক শক্তিশালী ও বহুমাত্রিক সম্পর্ক বিদ্যমান। এই সম্পর্কের ভিত্তি আরও মজবুত করতে এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে দুই দেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।