রাজধানীর মিরপুর-১০ এবং ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ দুটি পরিত্যক্ত বস্তু পাওয়ার ঘটনায় শনিবার (১ আগস্ট) সকালে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে নিবিড় পরীক্ষা-নিরীক্ষা শেষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নিশ্চিত করেছে যে, উদ্ধার করা কোনো বস্তুতেই বিস্ফোরক বা কোনো ধরনের বিপজ্জনক উপাদান ছিল না।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রথমে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে একটি সন্দেহজনক ব্যাগ পড়ে থাকার খবর পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানা পুলিশ এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছায়। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার পর ব্যাগটি এক্স-রে করা হয় এবং ভেতরে কৌটাসদৃশ একটি বস্তু শনাক্ত করা হয়। এরপর নির্ধারিত নিরাপত্তা প্রটোকল মেনে ফ্র্যাঞ্জিবল ডিসরাপ্টরের মাধ্যমে ব্যাগটি নিষ্ক্রিয় করা হয়। চূড়ান্ত পরীক্ষা শেষে দেখা যায়, ব্যাগের ভেতরে কেবল একটি জর্দার কৌটা ও পান ছিল; কোনো ধরনের বিস্ফোরক বা ক্ষতিকর বস্তু সেখানে ছিল না।
একই সময়ে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে পড়ে থাকা আরেকটি পরিত্যক্ত বস্তুকে কেন্দ্র করে সন্দেহ তৈরি হয়। খবর পেয়ে দ্রুত বোম্ব ডিসপোজাল ইউনিট সেখানে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। পরবর্তীতে হ্যান্ড এন্ট্রির মাধ্যমে বস্তাটি পরীক্ষা করে নিশ্চিত করা হয় যে, এর ভেতরেও কোনো বিস্ফোরক বা ঝুঁকিপূর্ণ বস্তু নেই।
ডিএমপি জানিয়েছে, নগরবাসীর সর্বোচ্চ নিরাপত্তায় পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে, সন্দেহজনক কোনো বস্তু দেখলে আতঙ্কিত না হয়ে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে। পাশাপাশি, যথাযথ যাচাই-বাছাই ছাড়া কোনো গুজব বা ভুল তথ্য ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি না করার আহ্বান জানিয়েছে পুলিশ।









