রাজধানীর নাগরিক সেবার প্রকৃত চিত্র সরেজমিনে যাচাই করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনকে সঙ্গে নিয়ে রাতে ঢাকা শহর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে তিনি নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা ঘুরে দেখেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন এই বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী রাজধানীর মূল সড়কগুলোর অবস্থা, পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা, ফুটপাথের ব্যবহার, সড়কবাতির কার্যকারিতা, যান চলাচল এবং সামগ্রিক নগরসেবার মান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। বিভিন্ন স্থানে গাড়ি থামিয়ে তিনি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে মাঠপর্যায়ের বাস্তব তথ্য গ্রহণ করেন এবং সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। জানা গেছে, রাতের নগর ব্যবস্থাপনা ও নাগরিক সেবার প্রকৃত পরিস্থিতি যাচাই করতেই এই আকস্মিক পরিদর্শনের উদ্যোগ নেওয়া হয়।
উল্লেখ্য যে, এর আগে পবিত্র ঈদুল আজহার সময়ও একইভাবে রাতে রাজধানী পরিদর্শনে বেরিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই সময়ে কোরবানির পশুর বর্জ্য নির্ধারিত সময়ের মধ্যে অপসারণে চরম অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছিল। মূলত নাগরিক ভোগান্তি দূর করতে এবং প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করতেই প্রধানমন্ত্রীর এই নিয়মিত তদারকি কার্যক্রম চলছে।









