রাজধানীর ডেমরা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে জুয়েল ভুঞা নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) বিকেলে ডেমরা থানার পশ্চিম বক্সনগর এলাকায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এবং অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)-এর যৌথ এক অভিযানে এই সাফল্য অর্জিত হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ডেমরার পশ্চিম বক্সনগরের নিঝুমবাগ এলাকার গরীবের নেওয়াজ মসজিদ রোড মোড়ে ওই বিশেষ অভিযান শুরু হয়। তল্লাশি কার্যক্রম চলাকালে জুয়েল ভুঞার গতিবিধি অত্যন্ত সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। তল্লাশিতে তার হেফাজত থেকে কালো কস্টেপ দিয়ে মোড়ানো আনুমানিক ৬ ইঞ্চি লম্বা দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়।
একই সঙ্গে অভিযান চলাকালীন ঘটনাস্থল থেকে আরিফ চৌধুরী নামে আরও এক সন্দেহভাজন যুবককে আটক করা হয়। বোমা সদৃশ বস্তু উদ্ধারের খবর পাওয়ার সাথে সাথে ডেমরা থানার পুলিশ কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সদস্যসহ একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তার ও আটক ওই দুই যুবককে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য ডেমরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।









