সাধন সাহা জয়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিতাস নদীর তীরে প্রায় দেড় কোটি টাকার বিভিন্ন ধরনের পণ্য নিয়ে একটি বড় নৌকা ডুবে গেছে। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ ০৭ সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলার বড়বাজার ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। অতিরিক্ত পণ্য বহন করার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও বাজারের ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার জগৎবাজার থেকে বিভিন্ন পণ্য বোঝাই করে একটি বড় নৌকা সকাল সাড়ে ৬টার দিকে আখাউড়ার বড়বাজার ঘাটে ভিড়ছিল।

এ সময় নদীর স্রোত বেশি থাকায় নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেল এবং একটি মাছ ধরার নৌকার সঙ্গে ধাক্কা খায়। এর পরপরই নৌকাটি উল্টে যায় এবং এর ওপর থাকা মালামালের অধিকাংশই নদীর পানিতে তলিয়ে যায়।

বড়বাজারের ইজারাদার লুৎফর রহমান চৌধুরী জানান, ওই নৌকায় সড়কবাজার ও বড়বাজারের ব্যবসায়ীদের চাল, ডাল, পেঁয়াজ ও চিনিসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্য ছিল।

ব্যবসায়ীদের দাবি অনুযায়ী, নৌকাটিতে প্রায় দেড় কোটি টাকার বেশি মূল্যের মালামাল ছিল। ঘটনার পর থেকেই ডুবে যাওয়া নৌকা এবং পানিতে ভেসে যাওয়া বা তলিয়ে যাওয়া মালামাল উদ্ধারে স্থানীয় লোকজন ও শ্রমিকরা জোরেশোরে কাজ শুরু করেছেন।