রাজধানী ঢাকাসহ দেশের ১২টি জেলায় আজ সন্ধ্যার মধ্যে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থটির দেওয়া পূর্বাভাস অনুযায়ী, এসব এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। প্রতিকূল আবহাওয়ার কথা মাথায় রেখে সংশ্লিষ্ট এলাকার সকল নদীবন্দরকে সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য জারি করা পূর্বাভাসে এই সতর্কবার্তা জানানো হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এর পরিপ্রেক্ষিতে ওইসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।











