টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় বাংলাদেশ থেকে মিয়ানমারে পাচারের সময় ৬ বস্তা বাংলাদেশি ইউরিয়া সার, একটি ইজিবাইক ও অন্যান্য আলামতসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জানায়, সোমবার (২৭ জুলাই) রাত আনুমানিক ১২টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল বটতলী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পালংখালী বাজার থেকে একটি ইজিবাইকে করে মিয়ানমারে সার পাচারের উদ্দেশ্যে সীমান্তের দিকে যাওয়ার সময় মো. শাহাজাহান (২১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক শাহাজাহানের বাড়ি উখিয়া উপজেলার পূর্ব ফারির বিল এলাকায়। তিনি মৃত মনজুর আলমের ছেলে।

পরে ইজিবাইকটি তল্লাশি করে ৬ বস্তা বাংলাদেশি ইউরিয়া সার, একটি মোবাইল ফোন, একটি সিমকার্ড, একটি হাতঘড়ি এবং পাচারের কাজে ব্যবহৃত ইজিবাইক জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৮ হাজার ২১০ টাকা।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় সার, তেল ও অন্যান্য বাংলাদেশি পণ্য মিয়ানমারে পাচার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি চোরাকারবারিদের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে পাচার প্রতিরোধে কার্যক্রম চালানো হচ্ছে।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক, চোরাচালান ও সার পাচার প্রতিরোধেও কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।