মোঃ আমান উল্লাহ,
বাংলাদেশের সকল সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির উদ্যোগে ২৬ জুলাই ২০২৬ (রবিবার) দেশব্যাপী মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠানে কর্মরত দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীরা নিজ নিজ প্রতিষ্ঠানের প্রশাসক মহোদয়ের নিকট স্মারকলিপি প্রদান করেন। পাশাপাশি তারা শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করে দীর্ঘদিন ধরে কর্মরত দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবি জানান।
সমিতির নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলেও দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীরা এখনও স্থায়ী নিয়োগ থেকে বঞ্চিত। তারা দ্রুত চাকরি স্থায়ীকরণের লক্ষ্যে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, তাদের যৌক্তিক দাবির প্রতি সরকার ইতিবাচক দৃষ্টি দেবে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।






