মোহাম্মদ হোসাইন,
নবগঠিত কমিটি অনুমোদনের পর ১৭ আগস্ট ২০২৬, সোমবার বিকেলে টেকনাফ উপজেলা মহিলা দলের সভাপতি তসলিমা আক্তার ও সাধারণ সম্পাদক রাজিয়া বেগমের নেতৃত্বে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় মহিলা দলের নেতৃবৃন্দ ওসি সাইফুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান। সৌজন্য সাক্ষাতে টেকনাফের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক কর্মকাণ্ড এবং নারী নেতৃবৃন্দের বিভিন্ন কার্যক্রম নিয়ে মতবিনিময় হয়। পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
একই দিন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামুন আহমেদ অনীকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ইউএনও মামুন আহমেদ অনীক ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবগঠিত মহিলা দলের সভাপতি তসলিমা আক্তার, সাধারণ সম্পাদক রাজিয়া বেগমসহ নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
সৌজন্য সাক্ষাৎকালে টেকনাফের সার্বিক পরিস্থিতি, সামাজিক উন্নয়ন, নারীর অংশগ্রহণ এবং স্থানীয় পর্যায়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তারা।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, নতুন কমিটির মাধ্যমে টেকনাফ উপজেলা পর্যায়ে নারী নেতাকর্মীদের আরও সক্রিয় ও সংগঠিত করা হবে। পাশাপাশি তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার, নারী নেতাকর্মীদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং দলীয় কার্যক্রমকে আরও সুসংগঠিত করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
সংশ্লিষ্ট নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, ৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি অনুমোদনের ফলে টেকনাফ উপজেলা মহিলা দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে। তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার পাশাপাশি নারী নেতাকর্মীদের নেতৃত্ব বিকাশেও নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কক্সবাজার জেলা শাখার অধীন টেকনাফ উপজেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত কমিটিতে তসলিমা আক্তারকে সভাপতি এবং রাজিয়া বেগমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কক্সবাজার জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ছালেহা বেগম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গত ৮ আগস্ট ২০২৬ তারিখে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।











