টেকনাফ প্রতিনিধি : টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি প্রাইভেটকার, দুটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় ইমন হোছাইন (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীনস্থ সী-বীচ বিওপি সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কের চেকপোস্টে বিশেষ যানবাহন তল্লাশি অভিযানে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, একটি বড় ইয়াবার চালান প্রাইভেটকারযোগে টেকনাফ থেকে কক্সবাজারের দিকে পাচার করা হবে। এ তথ্যের ভিত্তিতে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়ার পরিকল্পনা ও নির্দেশনায় সী-বীচ বিওপি সংলগ্ন চেকপোস্টে যানবাহন তল্লাশি ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়।

দুপুর সাড়ে ৩টার দিকে টেকনাফ থেকে আসা একটি সাদা রঙের করোলা ক্রস প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করা হলে চালকের আচরণ সন্দেহজনক মনে হয়। পরে গাড়িটির নিচে বিশেষভাবে তৈরি দুটি লোহার বক্সের ভেতর থেকে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই প্রাইভেটকারের মালিক ইমন হোছাইনকে আটক করা হয়।

জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ৮০ হাজার পিস ইয়াবা, একটি করোলা ক্রস প্রাইভেটকার, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি আইফোন এবং ৭ হাজার ৮০০ টাকা নগদ। উদ্ধারকৃত মালামালের মোট আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৯২ লাখ ৫৭ হাজার ৮০০ টাকা।

আটক ইমন হোছাইন টেকনাফ উপজেলার ডেইলপাড়া (৬ নম্বর ওয়ার্ড) এলাকার কবির আহমদের ছেলে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান ও সীমান্ত অপরাধ দমনে বিজিবির গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল, চেকপোস্টভিত্তিক তল্লাশি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান,আটক ব্যক্তি ও জব্দকৃত আলামত নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।