স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কবে পদত্যাগ করবেন, সেদিকেই দেশবাসী তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশবাসী তাকিয়ে আছে স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন, কারণ তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। সোমবার (১৯ অক্টোবর) সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে শ্রী শ্রী পূর্ব বাড্ডা নিমতলা কালী মন্দির পরিদর্শনকালে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম আরও বলেন, এখন পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর নিজের এলাকায় মাদক প্রতিরোধ করতে পারেননি। আজ তাঁর জন্যই ইশরাক হোসেন এক ধরনের বলি হলেন। বিরোধীদলীয় চিফ হুইপ প্রশ্ন তুলে বলেন, ইশরাক হোসেন কেন পদত্যাগ করলেন, তাঁর অপরাধটা কী? অপরাধটা কি নৈতিক, নাকি ফৌজদারি অপরাধ? ইশরাক হোসেন যদি ফৌজদারি অপরাধ করে থাকেন, তাহলে আইন প্রয়োগকারী সংস্থাকে ব্যবস্থা নিতে হবে। অথচ আইন প্রয়োগকারী সংস্থাকে আমরা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিতে দেখিনি।

এনসিপির আহ্বায়ক বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর যে কাজ, সেটি তিনি করছেন না। তিনি সংবিধান নিয়ে ব্যস্ত আছেন। আবার যার কাজ নয়, তিনি অস্ত্র নিয়ে মাদক অভিযানে যাচ্ছেন। আবার তাঁকে দায়িত্ব থেকেও সরিয়ে দেওয়া হচ্ছে। কেন সরিয়ে দেওয়া হচ্ছে, সরকার সেটাও স্পষ্ট করেনি।

তিনি আরও বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য প্রাতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন ছিল। সেই সংস্কারের কথাই জুলাই সনদে বলা ছিল। এর জন্য প্রয়োজন ছিল সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়ন করা। এই সরকার সেটি বাস্তবায়ন না করে জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে একপ্রকার প্রতারণাই করেছে। এর আগে একজন সংরক্ষিত নারী এমপিকে পদত্যাগ করানো হলো, আজ মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রীকে পদত্যাগ করানো হলো। কিন্তু আইনশৃঙ্খলার জন্য যিনি প্রধানত দায়ী, সেই স্বরাষ্ট্রমন্ত্রীকে কোনো ধরনের জবাবদিহিতার মধ্যে আনা হচ্ছে না।