বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পিরোজপুর জেলা শাখার সাবেক আহ্বায়ক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) আসরের নামাজের পর পিরোজপুর জেলা বিএনপি কার্যালয়ে জেলা বিএনপির উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্যসচিব সাইদুল ইসলাম কিসমত, আহ্বায়ক কমিটির সাবেক ১ নম্বর সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন এবং জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেনসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান বলেন, হঠাৎ শারীরিক অসুস্থতার কারণে দলের প্রবীণ ও ত্যাগী নেতা অধ্যক্ষ আলমগীর হোসেন চিকিৎসাধীন রয়েছেন। তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরে আসবেন বলে আশা প্রকাশ করেন।
নজরুল ইসলাম খান আরও বলেন, বয়সের কারণে অনেকেই বিভিন্ন শারীরিক জটিলতার মুখোমুখি হচ্ছেন। রাজনীতি ও সমাজসেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার থাকা নৈতিক দায়িত্ব। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
জেলা বিএনপির সদস্যসচিব সাইদুল ইসলাম কিসমত বলেন, গত ১৭-১৮ বছর ধরে তাঁরা আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে সময় পার করেছেন। গত দুই বছরে দল ও দেশের মধ্যে ঘটে যাওয়া কয়েকটি মর্মান্তিক দুর্ঘটনা তাঁদের মনে উদ্বেগ তৈরি করেছে। জিয়ানগরের লতিফ, স্বরূপকাঠির ওয়াহিদ এবং কিছুদিন আগে মিজানের মতো ব্যক্তিদের ঘিরে ঘটে যাওয়া ঘটনাগুলোর প্রসঙ্গ উল্লেখ করে তিনি সবার জন্য দোয়া করেন।
তিনি আরও বলেন, দলের প্রয়োজনে সবাইকে প্রয়োজন। তাই নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখতে হবে। পরম করুণাময় আল্লাহ যেন সবার ভুলত্রুটি ক্ষমা করেন এবং সবাইকে সুস্থতা ও দীর্ঘায়ু দান করেন।
অনুষ্ঠান শেষে অধ্যক্ষ আলমগীর হোসেনের দ্রুত রোগমুক্তি, শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ, জাতি ও বিএনপির সার্বিক সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।



















