সুন্দরবনের ঢাংমারী খালে এক বিশাল আকৃতির কুমিরের ছাগল শিকারের দৃশ্য প্রত্যক্ষ করলেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা।
শনিবার (১ আগস্ট) দুপুর ১২টা ৪৫ মিনিটে গাগরামারী বন অফিসের পাশে অবস্থিত বনবিবি রিসোর্টের সামনের খালে এই ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে হঠাৎ করেই ঢাংমারী খালের পানিতে একটি প্রকাণ্ড কুমিরের উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিরটি বনের পাশ থেকে একটি ছাগল শিকার করে তা খাচ্ছিল।
বন্যপ্রাণীর এমন রোমাঞ্চকর ও ভয়ংকর দৃশ্য দেখে রিসোর্টের আশপাশে উপস্থিত মানুষ ও পর্যটকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। উৎসুক অনেকেই এই বিরল দৃশ্যটি কাছ থেকে দেখার চেষ্টা করেন। বন বিশেষজ্ঞরা জানান, সুন্দরবনের নদী ও খালগুলোতে কুমিরের বিচরণ খুবই স্বাভাবিক। খাবারের সন্ধানে কিংবা জোয়ার-ভাটার প্রভাবে কুমিরগুলো প্রায়ই লোকালয় সংলগ্ন খালের চরে বা পাড়ে চলে আসে।
তবে লোকালয়ের এত কাছাকাছি বিশাল আকৃতির কুমিরের উপস্থিতি এবং শিকার ধরার এই দৃশ্য স্থানীয়দের মনে আতঙ্ক ও সতর্কতার বার্তা পৌঁছে দিয়েছে।









