বাগেরহাট প্রতিনিধি : লোকাল বাসে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নিশ্চিতকরণসহ দীর্ঘদিনের চলমান বিভিন্ন সমস্যার যৌক্তিক, শিক্ষার্থীবান্ধব ও শান্তিপূর্ণ সমাধানের দাবিতে বাগেরহাট জেলা বাস মালিক সমিতির কাছে লিখিত আবেদন করেছে জাতীয় ছাত্রশক্তি, বাগেরহাট জেলা শাখা ও সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজ শাখার নেতৃবৃন্দ।

আবেদনে নেতৃবৃন্দ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেন। তারা বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নিতে হবে। অল্প সময়ের মধ্যে দাবিগুলোর গ্রহণযোগ্য ও স্থায়ী সমাধান না হলে শিক্ষার্থীদের অধিকার আদায়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

শিক্ষার্থীদের উত্থাপিত দাবির মধ্যে রয়েছে— বাগেরহাট জেলার সকল রুটে শুক্রবার ব্যতীত সপ্তাহের সব দিন এবং বাসের সব ট্রিপে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া বাধ্যতামূলকভাবে কার্যকর করা; নারী শিক্ষার্থীদের প্রতি যেকোনো ধরনের হয়রানি, অসৌজন্যমূলক আচরণ ও ভয়ভীতি প্রদর্শন বন্ধ করা; হাফ ভাড়া নিতে অস্বীকৃতি বা অতিরিক্ত ভাড়া আদায়কারী চালক, সুপারভাইজার, হেলপার কিংবা বাস স্টাফদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ; শিক্ষার্থীদের অভিযোগ গ্রহণ ও দ্রুত নিষ্পত্তির জন্য কার্যকর হেল্পলাইন বা অভিযোগ ব্যবস্থার চালু; বৈধ শিক্ষার্থী পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে হাফ ভাড়া নিশ্চিত করা; এবং জেলার সকল রুটের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত হাফ ভাড়ার তালিকা লিখিতভাবে প্রকাশ ও প্রতিটি বাসে দৃশ্যমান স্থানে প্রদর্শনের ব্যবস্থা করা।

এ সময় বাগেরহাট জেলা বাস মালিক সমিতির সংশ্লিষ্ট নেতৃবৃন্দ, সেক্রেটারিসহ উপস্থিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের উত্থাপিত দাবিগুলোকে ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।

জাতীয় ছাত্রশক্তি, বাগেরহাট জেলা শাখার নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো দ্রুত সমাধান হলে জেলার হাজারো শিক্ষার্থী উপকৃত হবে এবং গণপরিবহনে হয়রানি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।