স্টাফ রিপোর্টার: টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নাজমুল হোসেন মন্ডলের বিরুদ্ধে দায়ের করা মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন দাবি করে তা প্রত্যাহার এবং মামলায় গ্রেফতার নির্দোষ নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা।
তাদের দাবি, দীর্ঘ প্রায় তিন দশক ধরে নাজমুল হোসেন মন্ডল ত্যাগ, সততা ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে এলাকায় একজন জনসম্পৃক্ত রাজনৈতিক নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল রাজনৈতিকভাবে তাকে বিতর্কিত করার উদ্দেশ্যে এই মামলায় জড়িয়েছে।
স্থানীয় নেতাকর্মীরা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিপক্ষ মাঠের রাজনীতিতে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র, অপপ্রচার ও হয়রানিমূলক মামলার আশ্রয় নিয়েছে। তারা বলেন, এই মামলার মাধ্যমে শুধু নাজমুল হোসেন মন্ডল নন, দলের আরও কয়েকজন নির্দোষ নেতাকর্মীকেও হয়রানির শিকার করা হয়েছে।
এ ঘটনায় দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তাদের বক্তব্য, রাজনৈতিক প্রতিহিংসার কারণে দায়ের করা মিথ্যা মামলা কখনোই একজন নেতার দীর্ঘদিনের অর্জিত সুনাম ও জনগণের আস্থা নষ্ট করতে পারে না। তারা অভিযোগ করেন, এ ধরনের মামলা রাজনৈতিক হয়রানিরই বহিঃপ্রকাশ।
নেতৃবৃন্দ অবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, কোনো রাজনৈতিক প্রভাব ছাড়া সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করতে হবে। পাশাপাশি মামলায় অন্যায়ভাবে গ্রেফতার হওয়া সকল নির্দোষ নেতাকর্মীর দ্রুত ও নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা।
তারা আরও বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে ভিন্নমত দমনে মিথ্যা মামলা ও হয়রানির সংস্কৃতি পরিহার করা উচিত। সত্য উদঘাটিত হলে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং নির্দোষ ব্যক্তিরা আইনের মাধ্যমে ন্যায়বিচার পাবেন বলেও তারা আশা প্রকাশ করেন।






