এসডি সোহেল রানা

শেরপুরের শ্রীবরদী পৌর শহরের একটি সরকারি খাল অবৈধভাবে দখল ও ভরাট করার প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার (২ আগস্ট) দুপুরে শহরের প্রাণকেন্দ্রে এই কর্মসূচির আয়োজন করা হয়। দখলমুক্ত করে দ্রুত খালটি পুনঃখননের মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক করার দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিযোগ করেন যে, দীর্ঘ সময় ধরে প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা খালটি অবৈধভাবে দখল ও ভরাট করা হয়েছে। এর ফলে খালের স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, যা সাধারণ মানুষের চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে চৌরাস্তা, মধ্য বাজার এবং উত্তর বাজারসহ আশপাশের আবাসিক এলাকাগুলোতে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা দেখা দিচ্ছে, যা পৌরবাসীর স্বাভাবিক জীবনযাত্রাকে স্থবির করে তুলেছে।

বক্তারা আরও উল্লেখ করেন, স্থানীয়ভাবে 'জিয়া খাল' নামে পরিচিত এই খালটি একসময় 'খেয়াঘাট' নামে পরিচিত ছিল। সরকারি নথিপত্র ও রেকর্ডে এটি খাল হিসেবে চিহ্নিত থাকলেও, পরবর্তী সময়ে কীভাবে এটি ব্যক্তি মালিকানায় চলে গেল, তা নিয়ে গভীর রহস্য রয়েছে। তারা এই পুরো প্রক্রিয়ার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, সাবেক পৌর মেয়র আবু সাঈদ, বিএনপি নেতা আনিসুর রহমান ও আব্দুল্লাহ আল মামুন শাহাজাদা, যুবদল নেতা ইখলাছুর রহমান লিটন ও হারুন অর রশিদ, সাবেক কাউন্সিলর শাহজাহান কবির, পরিবেশকর্মী আসাদুজ্জামান প্রিন্স, ব্যবসায়ী ফকির মাহমুদ, নারী নেত্রী রিনা বেগম এবং ছাত্রদল নেতা রাফিসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী, ব্যবসায়ী ও স্থানীয় সাধারণ মানুষ।

মানববন্ধনের মাধ্যমে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জরুরি হস্তক্ষেপের আহ্বান জানান এবং দ্রুত সরকারি খালটি দখলমুক্ত করে পানি প্রবাহ নিশ্চিত করার জোরালো দাবি উত্থাপন করেন।