আহমদ রেজা
দীর্ঘদিনের অবহেলা, খানাখন্দ আর নিত্যদিনের দুর্ভোগ কাটিয়ে অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে বন্দর মহাল খান বাজার-মোহছেন আউলিয়া সড়কটি। আনোয়ারা-কর্ণফুলীর গণমানুষের নেতা, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজামের দিকনির্দেশনা এবং বৈরাগ ইউনিয়নের কাণ্ডারী ইকবাল হায়দার চৌধুরীর নিরলস প্রচেষ্টায় সড়কটির সংস্কার কাজ আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছে। এতে করে স্থানীয় হাজারো মানুষের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার অবসান হতে যাচ্ছে।
সম্প্রতি স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান 'তাহের অ্যান্ড ব্রাদার্স'-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবুল বশরের কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইকবাল হায়দার চৌধুরীর উপস্থাপিত যুক্তির প্রেক্ষিতে সড়কটি সংস্কারের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি। পরবর্তীতে তাহের অ্যান্ড ব্রাদার্স সড়ক ও জনপথ (সওজ) বিভাগকে বিষয়টি অবহিত করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংস্কার কাজ পরিচালনার আনুষ্ঠানিক অনুমতি প্রদান করে।
অনুমতি পাওয়ার পর উপজেলা যুবদলের সদস্য মোঃ শাহজাহান তাহের অ্যান্ড ব্রাদার্সের প্রকৌশলী মুন্নার সাথে যোগাযোগ করেন। ইকবাল হায়দার চৌধুরীর আবেদনের প্রেক্ষিতে উন্নয়ন কাজ ত্বরান্বিত করতে তাহের অ্যান্ড ব্রাদার্সের পক্ষ থেকে পে-লোডার, ডাম্প ট্রাক ও রোলার ব্যবহারের অনুমতি দেওয়া হয়।
সড়কটি দ্রুত চলাচলের উপযোগী করতে স্থানীয় অন্যান্য রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানির (কাফকো) পক্ষ থেকে বৈরাগ ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ উদ্দিন চৌধুরীর অনুরোধে এক গাড়ি কংক্রিট প্রদান করা হয়। এছাড়া ফরিদ উদ্দিন চৌধুরী তাঁর নিজস্ব অর্থায়নে আরও দুই গাড়ি বালি সরবরাহ করেন। অন্যদিকে, উপজেলা যুবদলের সদস্য মোঃ শাহজাহান ব্যক্তিগত উদ্যোগে সংগৃহীত আরও এক গাড়ি কংক্রিট সংস্কার কাজে যুক্ত করেন।
উন্নয়নমূলক এই কাজ মাঠপর্যায়ে তদারকি ও ত্বরান্বিত করতে উপস্থিত ছিলেন যুবদলের সদস্য আলী হোসেন, মোঃ শাহজাহান, আব্দুর রহিম, সাবেক যুবদল নেতা আমির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইমন শাহ্, বৈরাগ ইউনিয়ন যুবদল নেতা আবু বক্কর এবং বৈরাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ জহির।
জনগুরুত্বপূর্ণ এই উন্নয়নমূলক কাজে সার্বিক সহযোগিতা ও প্রচারণার জন্য স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে। সড়ক সংস্কারের মাধ্যমে এলাকার সার্বিক চিত্র বদলে দিতে যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান এগিয়ে এসেছেন, তাঁদের সকলকে ইকবাল হায়দার চৌধুরী ও ফরিদ উদ্দিন চৌধুরীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।















