ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় পূর্ববিরোধের জেরে মো. সিফাত মুন্সি (২০) নামের এক যুবকের বিরুদ্ধে ইয়াছিন ঘরামী (১৮) নামের অপর এক তরুণকে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সিফাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।
আজ শনিবার বিকেলে উপজেলার ১ নম্বর চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরী গ্রামের জমাদ্দার হাট বাজারে এ ঘটনা ঘটে।
আহত ইয়াছিন ঘরামী ওই গ্রামের খোকন ঘরামীর ছেলে। অন্যদিকে অভিযুক্ত মো. সিফাত মুন্সি একই এলাকার মো. অরুন মুন্সির ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ইয়াছিন ও সিফাতের মধ্যে দীর্ঘদিন ধরে পূর্ববিরোধ চলে আসছিল। আজ শনিবার বিকেলে জমাদ্দার হাট বাজারে দুজনের দেখা হলে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সিফাত কাছে থাকা ছুরি দিয়ে ইয়াছিনকে কুপিয়ে জখম করেন।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় ইয়াছিনকে উদ্ধার করে প্রথমে কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (আমুয়া) নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে পাঠান।
এদিকে ঘটনার পরপরই ক্ষুব্ধ স্থানীয় জনতা সিফাত মুন্সিকে ধরে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাছের রায়হান বলেন, ‘খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত সিফাত মুন্সিকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’















