ফয়সাল আহমেদ জনি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নাটোরের সিংড়া উপজেলার ১নং সুকাশ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো. আবুল কালাম আজাদ গণসংযোগ ও মতবিনিময় করেছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে সুকাশ ইউনিয়নের বোয়ালিয়া বাজারে তিনি এই গণসংযোগ করেন। এ সময় তিনি বাজারের বিভিন্ন চায়ের দোকানে সাধারণ মানুষ, পুরুষ-মহিলা ও ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।

গণসংযোগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবুল কালাম আজাদ তার নির্বাচনী পরিকল্পনার কথা তুলে ধরেন।

তিনি বলেন, "আমি নির্বাচিত হলে সুকাশ ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। ইউনিয়নের বেকার যুবক ও নারীদের আত্মকর্মসংস্থানের জন্য মৎস্য চাষ, হাঁস-মুরগি পালন, গবাদিপশু পালন ও ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণের ব্যবস্থা করব এবং সহজ শর্তে ঋণের ব্যবস্থা করে দেব।"

তিনি আরও বলেন, অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে গ্রামীণ রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি ন্যায়সংগত ও হয়রানিমুক্ত নাগরিক সেবা, সামাজিক বিরোধ নিষ্পত্তি, মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।