আবু নাঈম রিপন:
নরসিংদী জেলার শিবপুর উপজেলার ৩নং পুটিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) এবং নরসিংদী জেলা সচিব অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেনের বিরুদ্ধে একদল কুচক্রী মহলের দ্বারা চালানো পরিকল্পিত অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে স্থানীয় সচেতন নাগরিকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোঃ আলতাফ হোসেন দীর্ঘ সময় ধরে পুটিয়া ইউনিয়ন পরিষদে অত্যন্ত নিষ্ঠার সাথে তাঁর প্রশাসনিক দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি তিনি দুলালপুর ইউনিয়ন পরিষদের অতিরিক্ত দায়িত্বও অত্যন্ত সততা ও আন্তরিকতার সাথে পালন করছেন। তাঁর কর্মজীবন জুড়ে সততা এবং স্বচ্ছতা ছিল প্রধান বৈশিষ্ট্য। প্রশাসনিক কার্যক্রম সুচারুভাবে পরিচালনার পাশাপাশি এলাকার সামগ্রিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় ভূমিকা স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করেছে। দায়িত্বশীল ও জনবান্ধব আচরণের কারণে তিনি সাধারণ মানুষের মাঝে ব্যাপক জনপ্রিয়তা ও সুনাম অর্জন করেছেন।
তবে অভিযোগ উঠেছে যে, তাঁর এই সততা ও আপসহীন মনোভাবই এখন তাঁর জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে। কোনো অন্যায় বা অনিয়মকে প্রশ্রয় না দেওয়ায় একটি স্বার্থান্বেষী ও প্রভাবশালী মহল তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। এর জের ধরেই তাঁর সামাজিক মর্যাদা, পারিবারিক সম্মান এবং ব্যক্তিগত ইমেজ ক্ষুণ্ন করার উদ্দেশ্যে অত্যন্ত পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ভিত্তিহীন ও মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। এই ধরণের অপপ্রচারের মূল লক্ষ্য হলো একজন সৎ কর্মকর্তাকে মানসিকভাবে বিপর্যস্ত করা এবং তাঁর পেশাগত ভাবমূর্তি নষ্ট করা।
ইউনিয়নের সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, আলতাফ হোসেন একজন সৎ ও আদর্শবান সরকারি কর্মকর্তা, যিনি সর্বদা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাঁর কাজের প্রতি একাগ্রতা এবং স্বচ্ছতা তাঁকে সাধারণ মানুষের আস্থাভাজন করে তুলেছে। সচেতন মহল মনে করেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে এবং কর্তৃপক্ষের তদন্ত সাপেক্ষে উপস্থাপন করা উচিত। তথ্য যাচাই না করে গুজব ছড়িয়ে একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার সম্মানহানির চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
এই ঘটনার প্রেক্ষিতে স্থানীয় সচেতন ব্যক্তিবর্গ গভীর ক্ষোভ প্রকাশ করে উদ্দেশ্যপ্রণোদিত এই অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে তাঁরা সাধারণ মানুষকে এই ধরণের ভিত্তিহীন গুজবে কান না দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তাঁরা দাবি জানিয়েছেন, সঠিক ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে একজন নিষ্ঠাবান কর্মকর্তার সামাজিক ও পেশাগত মর্যাদা অক্ষুণ্ণ রাখা হোক।










