মোঃ রনি রজব
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১ জন আসামি, ১৮ বোতল নেশাজাতীয় স্কাফ (Eskuf) সিরাপ এবং একটি মোটরসাইকেল আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) আনুমানিক সকাল ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ তেলকুপি বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮০/২-এস হতে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন পিরোজপুর ইউনিয়নের টাপ্পুর আম বাগানে অভিযান চালায়।
অভিযানকালে ১৮ বোতল নেশাজাতীয় স্কাফ সিরাপ এবং একটি অ্যাপাচে আরটিআর (Apache RTR-160 cc) মোটরসাইকেলসহ মোঃ সেরাজুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত সেরাজুল শিবগঞ্জ থানার জমিনপুর গ্রামের মোঃ শরিফুল ইসলামের ছেলে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি জানান, মাদকের ভয়াবহতা থেকে দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে কাজ করছে। সীমান্ত এলাকায় সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।















