শরীয়তপুরের ডামুড়্যা উপজেলায় এক বিস্ফোরণ মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা ক্রীড়া সম্পাদক মোজাম্মেল হক প্রধানকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে ডামুড়্যা পৌরসভার কুলকুড়ি এলাকার সামনের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডামুড়্যা থানার তদন্ত কর্মকর্তা অলিউল্লাহ এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ডামুড়্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের উত্তর আকালবরিশ এলাকায় সংঘটিত বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার প্রাথমিক তদন্তে মোজাম্মেল প্রধানের সম্পৃক্ততার পর্যাপ্ত তথ্য-প্রমাণ পাওয়া গেছে। জনমনে চরম আতঙ্ক সৃষ্টি এবং জানমালের ক্ষতি করার উদ্দেশ্যে অবৈধভাবে ককটেল বোমা মজুদ ও বিস্ফোরণের ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। ডামুড়্যা থানার তদন্ত কর্মকর্তা অলিউল্লাহ আরও জানান, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করে মোজাম্মেল হক প্রধানকে আদালতে প্রেরণ করা হয়েছে।