রাজধানীর যানজট নিরসন এবং যাতায়াত ব্যবস্থা সহজ করতে ঢাকার চারপাশের নৌপথগুলো পুনরায় সচল করার কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নদীদূষণ রোধ, ড্রেনেজ ব্যবস্থার আমূল উন্নয়ন এবং নদীর নাব্যতা ও স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি।
রোববার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে ‘ঢাকার চারপাশে নৌপথ চালু’ বিষয়ক এক উচ্চপর্যায়ের সভায় সভাপতিত্বকালে প্রধানমন্ত্রী এসব দিকনির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, সভায় রাজধানীর চারপাশের নৌপথগুলো কার্যকর করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতায়াত ব্যবস্থাকে আরও আধুনিক ও সহজ করতে আগ্রহী বেসরকারি প্রতিষ্ঠানগুলোর প্রস্তাবনা বিবেচনা করে নৌপথে ওয়াটার বাস চালুর সুযোগ দেওয়ার বিষয়েও সভায় গুরুত্বারোপ করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নৌপথ সচল করার পাশাপাশি ঢাকার নদীগুলোর পরিবেশ রক্ষা করা অত্যন্ত জরুরি। নদীদূষণ প্রতিরোধ এবং ড্রেনেজ ব্যবস্থার যথাযথ উন্নয়নের মাধ্যমে নদীর নাব্যতা ও স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে। পরিবেশ সংরক্ষণ এবং নদীর তীরের নান্দনিকতা বৃদ্ধির লক্ষ্যে তিনি নির্দেশ দিয়েছেন, নদীর তীরে নির্মিত ওয়াকওয়ের পাশে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করতে হবে, যাতে নাগরিকেরা প্রাকৃতিক পরিবেশের সান্নিধ্য পেতে পারেন।
উক্ত সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম উপস্থিত ছিলেন। এছাড়া রেলপথ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।








