শাপলা চত্বর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত হবে বলে দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (৯ আগস্ট) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির আল জমিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। সভায় হেফাজতে ইসলামের পক্ষ থেকে শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচারের দাবি জানানো হলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঘটনার তদন্ত এবং চার্জশিট দাখিলের পর এবার বিচারিক প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘অন্তর্বর্তীকালীন সময়ে আমি আপনাদের বলেছিলাম শুধু মামলাটি করতে, বাকিটা আমি দেখব। এরপর আপনারা প্রয়োজনীয় তথ্য দিয়েছেন, তদন্ত সম্পন্ন হয়েছে এবং চার্জশিট দেওয়া হয়েছে; এখন এর বিচারও হবে।’ তিনি আরও স্পষ্টভাবে জানান, দেশে ইসলামবিরোধী কোনো আইন প্রণয়ন করা হবে না। ধর্মপ্রাণ মুসলমানসহ অন্যান্য সকল সম্প্রদায়ের মানুষ যাতে তাদের ন্যায্য অধিকার ও স্বাধীনতা পায়, সে লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাবে।
উক্ত মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান, হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরী এবং অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।







