‘বরবাদ’ সিনেমার অভাবনীয় সাফল্যের পর আবারও নতুন এক প্রজেক্ট নিয়ে রুপালি পর্দায় ফিরছেন মেগাস্টার শাকিব খান এবং নির্মাতা মেহেদী হাসান হৃদয়। তবে চলচ্চিত্র অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত বিষয় হলো, আসন্ন এই নতুন সিনেমায় শাকিবের মুখোমুখি হতে পারেন প্রখ্যাত অভিনেতা নাসির উদ্দিন খান। যদিও সিনেমাটির টিমের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই খবরের সত্যতা এখনও নিশ্চিত করা হয়নি, তবে নির্ভরযোগ্য সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিভিন্ন সংবাদমাধ্যমে এই গুঞ্জন জোরালো হয়ে উঠেছে।
এই বিষয়ে বিস্তারিত জানতে ঢাকা পোস্টের সঙ্গে কথা বলেন সিনেমাটির প্রযোজক শাহরিন আক্তার সুমি। তিনি জানান, নাসির উদ্দিন খানকে সিনেমার কাস্টিংয়ে রাখার পরিকল্পনা রয়েছে তাদের। তবে বিষয়টি এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছেনি। প্রযোজকের ভাষায়, ‘এখনও কোনো কিছু নিশ্চিত করা হয়নি। কাস্টিং নিয়ে আমরা চিন্তাভাবনার স্তরে অনেক কিছু রাখি। তবে গল্পের প্রয়োজনেই শেষ পর্যন্ত শিল্পী নির্বাচন করা হয়। চূড়ান্ত শিল্পীদের তালিকা শুটিং শুরুর সময় আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’
শুটিং শুরুর সময় নিয়ে প্রাথমিক আলোচনা ছিল নভেম্বরে, তবে প্রযোজক শাহরিন আক্তার সুমি পরিষ্কার করে বলেন, আগামী অক্টোবরের শেষ সপ্তাহ থেকেই সিনেমাটির শুটিং কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে তাদের। জানা গেছে, এই সিনেমায় শাকিব খানের বিপরীতে তৃতীয়বারের মতো জুটি বাঁধতে চলেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল।
আপাতত সিনেমাটির নাম রাখা হয়েছে ‘নিঃস্ব’। অ্যাকশন এবং রোমান্টিক ঘরানার এই সিনেমাটি ২০২৭ সালের ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, এর আগেও আবু হায়াত মাহমুদের পরিচালিত ‘প্রিন্স’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন শাকিব খান এবং নাসির উদ্দিন খান। সব পরিকল্পনা ঠিকঠাক এগোলে এই সিনেমার মাধ্যমে দ্বিতীয়বারের মতো রুপালি পর্দায় একসঙ্গে দেখা যাবে এই দুই তারকাকে।
















