বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন। রোববার (৩০ আগস্ট) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী বুধবার রাত ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মির্জা আব্বাস ঢাকায় পৌঁছাবেন। দীর্ঘ সময় সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় বিশেষ চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সুস্থ হয়ে তিনি দেশে ফিরছেন।

উল্লেখ্য, গত ১১ মার্চ রমজান মাসে ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। ওই রাতেই তাকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তার মস্তিষ্কে একটি জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরবর্তীতে আরও উন্নত চিকিৎসার প্রয়োজনে ১৫ মার্চ তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।

সেখানে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে ১৪ এপ্রিল তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়। সেখানেই দীর্ঘ সময় চিকিৎসাধীন ছিলেন তিনি।