চলমান জ্বালানি সংকটের মাঝে রাজধানী ঢাকায় ফের কমেছে গ্যাসের সরবরাহ। বুধবার (১২ আগস্ট) রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে তীব্র গ্যাস সংকটের চিত্র ফুটে উঠেছে। অনেক স্টেশন পুরোপুরি বন্ধ রাখা হয়েছে, আবার কোথাও গ্যাসের আশায় দীর্ঘ সারিতে দাঁড়িয়ে আছেন চালকরা। শুধু ফিলিং স্টেশন নয়, বাসাবাড়িতেও গ্যাসের চাপ এতটাই কম যে, চুলা জ্বললেও রান্না করা দুঃসাধ্য হয়ে পড়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
রাজধানীর মালিবাগ, তেজগাঁও, বাড্ডা, খিলক্ষেত, উত্তরা ও মিরপুর এলাকার বেশ কয়েকটি সিএনজি স্টেশন ঘুরে দেখা গেছে, সেখানে গ্যাসের কোনো সরবরাহ নেই। অনেক স্টেশনের সামনেই ‘গ্যাস নেই’ লেখা সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হয়েছে। ফিলিং স্টেশনের কর্মীদের ভাষ্যমতে, সাধারণত রাত ১২টার পর কিছুটা সরবরাহ পাওয়া গেলেও গ্যাসের চাপ অত্যন্ত কম থাকে। বুধবার দুপুর পর্যন্ত কোনো স্টেশনেই গ্যাস পাওয়া যায়নি। গত শুক্রবার ও শনিবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক মনে হলেও সোমবার থেকে আবারও সরবরাহ হ্রাস পেয়েছে, যার ফলে স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হচ্ছে।








