সৌদি আরবের ক্রাউন প্রিন্স প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং প্রধানমন্ত্রী তা গ্রহণ করেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, খুব শিগগিরই সুবিধাজনক কোনো সময়ে প্রধানমন্ত্রী এই সফর করবেন।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কর্মশক্তি থেকে কৌশলগত অংশীদারিত্ব: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের পুনর্কল্পনা শীর্ষক এই সেমিনারের যৌথ আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ ও নর্থ সাউথ ইউনিভার্সিটি। প্রতিমন্ত্রী বলেন, সৌদি ক্রাউন প্রিন্সও বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। তাঁর সুবিধাজনক সময়ে তাঁকে স্বাগত জানাতে আমরা দৃঢ়ভাবে প্রস্তুত রয়েছি।
তিনি আরও বলেন, সৌদি আরবের নেতৃত্বে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনতে ও বিশ্বশান্তি রক্ষায় কাজ করতে বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। এছাড়া আগামী ২৬ অক্টোবর প্রধানমন্ত্রী চার দিনের সফরে জাপান যাবেন বলে জানান তিনি। ওই সফরে জ্বালানি সহযোগিতা ও বিনিয়োগ ইস্যু গুরুত্ব পাবে।
















