সাতক্ষীরা শহরের বেসরকারি ব্লিস হাসপাতালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিস ও বিজিবির দ্রুত পদক্ষেপের ফলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে হাসপাতালের ভেতরে হঠাৎ আগুনের সূত্রপাত হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের সময় হাসপাতালের বিভিন্ন তলায় অবস্থানরত রোগীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এবং ভবনের ভেতরে আটকে পড়া সকল ব্যক্তিকে সফলভাবে উদ্ধার করা হয়েছে।

ঘটনার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস ও বিজিবির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। অত্যন্ত সতর্কতার সাথে উদ্ধার অভিযান চালিয়ে হাসপাতালে ভর্তি রোগীদের একে একে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয় এবং ভবনের ভেতরে আটকা পড়া ব্যক্তিদের উদ্ধার করে বের করে আনা হয়।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, আগুনের খবর পেয়ে প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ ও উদ্ধার সরঞ্জামসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বিজিবির সদস্যরা। তারা উদ্ধার কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং আগুন নিয়ন্ত্রণে সর্বাত্মক সহায়তা প্রদান করেন। একই সঙ্গে হাসপাতাল প্রাঙ্গণ ও আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়।

এদিকে, ফায়ার সার্ভিসের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অগ্নিকাণ্ডের পর হাসপাতালে অবস্থানরত সকল রোগীকে বিজিবি ও ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।