সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের বিচার দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের কাছে এই অভিযোগপত্র আনুষ্ঠানিকভাবে জমা দেন রুনির ভাই নওশের রোমান।

অভিযোগে বিস্তারিত জানানো হয়, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত ২টা থেকে সকাল ৭টার মধ্যবর্তী সময়ে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নৃশংসভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার সিনিয়র করেসপন্ডেন্ট মেহেরুন রুনি। দেশের সাংবাদিক অঙ্গনের এই মর্মান্তিক হত্যাকাণ্ডের পর দীর্ঘ ১৪ বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো তদন্ত সংস্থাই প্রকৃত রহস্য উদঘাটন করতে পারেনি, যা পরিবারের সদস্যদের জন্য চরম হতাশাজনক।

অভিযোগে আরও উল্লেখ করা হয় যে, ঘটনার পরপরই সংশ্লিষ্ট থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং র‍্যাব তদন্ত শুরু করলেও তারা ব্যর্থ হয়। পরবর্তীতে মহামান্য হাইকোর্টের নির্দেশে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করতে দেওয়া হয়। তবে পিবিআই-এর দীর্ঘ প্রচেষ্টার পরেও এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান বা অপরাধীদের শনাক্ত করা সম্ভব হয়নি।

তদন্ত সংস্থগুলোর এই ধারাবাহিক ব্যর্থতার পরিপ্রেক্ষিতে, পরিবারের সদস্যরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে মামলাটির সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। তারা বিশ্বাস করেন, ট্রাইব্যুনালের তত্ত্বাবধানে তদন্ত পরিচালিত হলে প্রকৃত হত্যাকারীদের খুঁজে বের করে দ্রুত বিচারের আওতায় আনা সম্ভব হবে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি অভিযোগটি দ্রুত রেজিস্টারভুক্ত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জোরালো দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা।