লক্ষ্মীপুরের রামগঞ্জে বিয়ের দাবিতে অনশনে বসা প্রতারক তরুণী রাহেনা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিজেকে ফাতেমা আক্তার হিসেবে পরিচয় দিয়ে তিনি এই নাটকীয়তা শুরু করেছিলেন। বৃহস্পতিবার রাত ৩টা ১৫ মিনিটে রামগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ আগস্ট রোববার থেকে উপজেলার ৫ নম্বর চণ্ডীপুর ইউনিয়নের পূর্ব মাছিমপুর গ্রামের বাসিন্দা কাতার প্রবাসী ইমন হোসেনের বসতবাড়ির সামনে অনশন শুরু করেন ওই তরুণী। ইমন হোসেন মৃত খোরশেদ আলমের ছেলে। বিয়ের দাবিতে অনশনে বসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে পুলিশি তদন্তে বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, ওই তরুণী পেশায় একজন প্রতারক এবং তার আসল নাম রাহেনা আক্তার। তার বাবার নাম নুরুল আলম এবং বাড়ি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার উত্তর পাযুরা গ্রামে।

তদন্তকারী পুলিশ জানায়, রাহেনা আক্তারের মূল লক্ষ্য থাকে ধনী পরিবারের ছেলেরা। তাদের টার্গেট করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়াই তার দীর্ঘদিনের পেশা। প্রতারণার স্বার্থে তিনি একেক সময় একেক পরিচয় এবং ভিন্ন ভিন্ন ঠিকানা ব্যবহার করেন। পুলিশি অনুসন্ধানে আরও জানা গেছে, এ পর্যন্ত অন্তত ১০ জন যুবক তার এই প্রতারণার শিকার হয়েছেন। এমনকি এর আগে তিনি দুবার বিয়ের পিঁড়িতেও বসেছেন। সাধারণত বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পরে ধর্ষণের মামলা করার হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করাই তার বিশেষ কৌশল।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ওই তরুণী একজন চিহ্নিত প্রতারক। এর আগেও তিনি এই এলাকায় দুইবার একই ধরনের কর্মকাণ্ড চালাতে এসে ধরা পড়েছিলেন। তাকে একবার আটক করে ম্যাজিস্ট্রেট কোর্টে সোপর্দ করা হলেও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাকে নিজ জিম্মায় ছেড়ে দিয়েছিলেন। বর্তমানে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে এবং যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।