রাজশাহী কলেজ প্রতিনিধি

রাজশাহী কলেজের কমনরুমের বিভিন্ন সমস্যা দ্রুত সংস্কার, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিতসহ পাঁচ দফা দাবিতে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী বরাবর স্মারকলিপি দিয়েছে রাজশাহী কলেজ ছাত্রদল।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাজশাহী কলেজের অধ্যক্ষের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উত্থাপিত পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে, কমনরুমের অভ্যন্তরীণ কাঠামো মেরামত, আধুনিক রংকরণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা; প্রয়োজন অনুযায়ী নতুন চেয়ার, টেবিল ও বেঞ্চ স্থাপন এবং পর্যাপ্ত লাইট ও ফ্যানের ব্যবস্থা করা; মানসম্মত ও পর্যাপ্ত সংখ্যক নতুন ক্যারম বোর্ড সরবরাহ করা; কমনরুমে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন এবং সংলগ্ন শৌচাগার নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। এছাড়া শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সচেতনতা বৃদ্ধিতে প্রতি বছর আনুষ্ঠানিকভাবে ‘কলেজ ইনডোর গেমস টুর্নামেন্ট’ আয়োজনের দাবি জানানো হয়।

এ সময় রাজশাহী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রাশিকুজ্জামান প্রীতম বলেন, শিক্ষার্থীদের অবসর, পারস্পরিক যোগাযোগ ও বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমের জন্য কমনরুম গুরুত্বপূর্ণ। তাই এর বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধান করে শিক্ষার্থীদের জন্য উপযোগী পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

স্মারকলিপি প্রদানকালে রাজশাহী কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।