দেশের অন্যতম সাহিত্য, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন উত্তরণ পাবনা-এর আয়োজনে গীতিকবি রজনীকান্ত সেনের ১১৬তম প্রয়াণ দিবস উপলক্ষে ‘গান, কবিতা ও আলোচনায় রজনীকান্ত সেন স্মরণ’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত পাবনা শহরের ৫৬ নম্বর সমবায় মার্কেটের দ্বিতীয় তলায় উত্তরণ পাবনার কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি এবং জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার সভাপতি, কবি ও বাচিকশিল্পী আলমগীর কবীর হৃদয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরণ পাবনার উপদেষ্টা রোটারিয়ান আলতাফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কবিতা সংসদের সভাপতি কবি ও সংগঠক মানিক মজুমদার, কবি ও নদী গবেষক ড. মনসুর আলম, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার সাধারণ সম্পাদক মোঃ সুমন আলী, প্রফেসর মোঃ জামাল উদ্দিন এবং জাসাস পাবনা জেলা শাখার সদস্য সচিব রোটারিয়ান মোঃ আব্দুল মান্নান ভূঁইয়া।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি মফিজ উদ্দিন বিশ্বাস, কবি শাহনাজ পারভীন, কণ্ঠশিল্পী কে. এম. শামসুদ্দিন, লিটন গাইন, সাহিত্যানুরাগী মোঃ জহুরুল ইসলাম, কণ্ঠশিল্পী মোঃ জাহাঙ্গীর আলম, কবি ও বাচিকশিল্পী সাইফুল কামাল, সৈয়দ রেজাউল করিম, উত্তরণ পাবনার সাধারণ সম্পাদক কবি এটিএম ফজলুল করিম, যুগ্ম সম্পাদক কবি রুদ্র বিশ্বাস, সাহিত্য সম্পাদক কবি ও কণ্ঠশিল্পী নীলিমা নীল, সহ সাহিত্য সম্পাদক সৈয়দা সোনিয়া খাতুন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান সিদ্দিক, হাবিবুর রহমান স্বপন, মোঃ দেলোয়ার হোসেন দিলু, মোঃ আব্দুল হাই এবং শিশু আবৃত্তিশিল্পী মোছা. জান্নাত ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের বিভিন্ন গণআন্দোলনে নিহত এবং প্রয়াত সাংস্কৃতিক কর্মীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে গীতিকবি রজনীকান্ত সেনের জীবন, সাহিত্যকর্ম ও বাংলা সংগীতে তাঁর অসামান্য অবদান নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা পর্বে বক্তারা বলেন, রজনীকান্ত সেন বাংলা সাহিত্য ও সংগীতের ইতিহাসে এক অনন্য প্রতিভা। তাঁর গান ও কবিতায় দেশপ্রেম, মানবতা, আধ্যাত্মিকতা এবং জীবনবোধের যে গভীর প্রকাশ ঘটেছে, তা আজও মানুষের হৃদয়কে আলোড়িত করে। তাঁর সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নিয়মিতভাবে এ ধরনের স্মরণানুষ্ঠান আয়োজনের প্রয়োজন রয়েছে।
পরে রজনীকান্ত সেনের রচিত কবিতা আবৃত্তি, কবিকে নিবেদিত কবিতা পাঠ এবং তাঁর রচিত গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।















