মাফিকুল ইসলাম
দিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের (এমজিএমসিএল) খনি এলাকা থেকে পানি নিষ্কাশনের জন্য নির্মিত ড্রেনেজ চ্যানেলের কয়েকটি অংশ খোলা থাকায় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। জনবসতি ও চলাচলের রাস্তার পাশ দিয়ে যাওয়া ড্রেনে কংক্রিটের স্লাব না থাকায় শিশু, পথচারী ও গৃহপালিত পশুর নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয়দের দাবি, এরই মধ্যে ওই ড্রেনে একটি ছাগলের বাচ্চা ও একটি গাভীর বাছুর পড়ে মারা গেছে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে লোকালয়সংলগ্ন ড্রেনের ওপর দ্রুত কংক্রিটের স্লাব বা নিরাপদ ঢাকনা দেওয়ার দাবি জানিয়েছেন তারা।
সরেজমিনে দেখা যায়, জনবসতি ও চলাচলের পথের কাছাকাছি ড্রেনেজ চ্যানেলের কিছু অংশ উন্মুক্ত। চ্যানেলটি গভীর হওয়ায় অসাবধানতাবশত কেউ পড়ে গেলে আহত হওয়ার আশঙ্কা রয়েছে। আশপাশে শিশুদের চলাচল থাকায় অভিভাবকরাও উদ্বিগ্ন।
স্থানীয়রা জানান, খনির পানি নিষ্কাশন নিয়ে তাদের আপত্তি নেই। তবে জনবসতির পাশ দিয়ে যাওয়া ড্রেনটি খোলা থাকায় নিরাপত্তাঝুঁকি তৈরি হয়েছে। পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রেখেই ঝুঁকিপূর্ণ অংশগুলো ঢেকে দেওয়ার দাবি তাদের।
তাদের আরও দাবি, পুরো ড্রেনেজ চ্যানেল পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া দরকার।
এ বিষয়ে এমজিএমসিএলের জিএমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “অচিরেই এই সমস্যার সমাধান করা হবে।”
কোনো বড় দুর্ঘটনার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এমজিএমসিএল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।















