প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে দ্রুত স্বাস্থ্যসেবা কার্যক্রম পুনরায় চালু করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভাঙচুরের শিকার হওয়া রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রের ধ্বংসস্তূপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য দেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, "আগামীকাল থেকেই আমরা কেন্দ্রটি সংস্কারের কাজ শুরু করব। চলমান স্বাস্থ্যসেবা যাতে একদিনের জন্যও ব্যাহত না হয়, সে বিষয়ে আমি ব্যক্তিগত উদ্যোগে ও সার্বিক সহযোগিতার মাধ্যমে যত দ্রুত সম্ভব সংস্কারের ব্যবস্থা গ্রহণ করব।" ভাঙচুরের ঘটনার ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে প্রতিমন্ত্রী অত্যন্ত মর্মাহত হওয়ার কথা প্রকাশ করেন। তিনি বলেন, একটি সুন্দর ও সেবামূলক প্রতিষ্ঠানকে রাতের অন্ধকারে বুলডোজার এনে চার থেকে পাঁচ ঘণ্টা ধরে গুঁড়িয়ে দেওয়া কখনোই কাম্য নয়। এ ধরনের কর্মকাণ্ডকে সরকার কোনোভাবেই প্রশ্রয় দেবে না।
এ ঘটনায় পুলিশ প্রশাসন ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। দায়িত্বে অবহেলার অভিযোগে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ক্লোজ করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করার জন্য তদন্ত চলছে। প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, একটি রাজনৈতিক মহল এই ঘটনা নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানোর চেষ্টা করছে। তবে বাস্তবে কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে এবং কারা কী উদ্দেশ্যে এই দখলদারির ভূমিকা নিয়েছে, তা সরকার গভীরভাবে খতিয়ে দেখছে। যাদের বিরুদ্ধে দোষের প্রমাণ পাওয়া যাবে, তাদের কাউকেই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের নজরদারি অব্যাহত রয়েছে।
















