যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন। শনিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠকটি শুরু হয়। তিন দিনের সরকারি সফরে গত ৩০ জুলাই ঢাকায় পৌঁছান সার্জিও গর। তার এই সফরকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান প্রেক্ষাপটে চলমান সংলাপের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।
সফরের অংশ হিসেবে এর আগে শুক্রবার (৩১ জুলাই) কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অবস্থিত রোহিঙ্গা আশ্রয়শিবিরগুলো পরিদর্শন করেন মার্কিন বিশেষ দূত। সেখানে তিনি ক্যাম্পের সার্বিক পরিস্থিতি, চলমান মানবিক সহায়তা কার্যক্রম এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত অবগত হন। সফরকালে তিনি সংশ্লিষ্ট সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থা এবং মানবিক সহায়তা কার্যক্রমে নিয়োজিত বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।











