জাকির হোসেন: ‎জুলাই যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং “আমার আঙিনা আমি পরিষ্কার রাখি, ডেঙ্গু, হাম, চিকুনগুনিয়াসহ রোগবালাই থেকে দূরে থাকি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে মাসব্যাপী পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ, বৃক্ষ বিতরণ ও গার্বেজ ভ্যান বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

‎বুধবার (১৫ জুলাই) সকালে পিরোজপুর জেলা পরিষদের আয়োজনে এবং পিরোজপুর পৌরসভার সহযোগিতায় পৌর এলাকার উকিলপাড়া-আমলাপাড়ায় এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

‎উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুনসহ স্থানীয় বাসিন্দা, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা।

‎জেলা পরিষদ সূত্রে জানা যায়, মাসব্যাপী এ কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, বৃক্ষ বিতরণ, গার্বেজ ভ্যান বিতরণ এবং পরিবেশ ও জনস্বাস্থ্য বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

‎অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা শুধু সরকারি প্রতিষ্ঠানের দায়িত্ব নয়, এটি প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে প্রত্যেককে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।”

‎তিনি আরও বলেন, “একটি সুস্থ, নিরাপদ ও বাসযোগ্য পিরোজপুর গড়ে তুলতে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে জেলা পরিষদ ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখবে।”

‎এ সময় সামাজিক সংগঠন পজেটিভ পিরোজপুর ও এমিনেন্ট বয়েজ পিরোজপুর-এর সদস্যরা পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন।

‎জেলা পরিষদের এ উদ্যোগকে পরিবেশ সংরক্ষণ, জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন নগর গড়ে তোলার লক্ষ্যে একটি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন স্থানীয়রা।